
আহসান হাবীব শিপলু, বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও শিক্ষক মো. শফিউল হাসান দিপু (৪৭)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবার দায়ের করা মামলায় আগাম জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অভিযুক্ত মো. শফিউল হাসান দিপু উপজেলার ভান্ডারপুর আলফা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। অভিযোগকারী ছাত্রীর ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে উপস্থিত হয় ওই ছাত্রী। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ সুযোগে অভিযুক্ত শিক্ষক চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে যান। সেখানে চকলেট খাওয়ানোর পর তাঁর সঙ্গে অশোভন কথাবার্তা বলেন এবং জোর করে কাছে টেনে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে ছাত্রীর পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত তাঁকে ছেড়ে দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে ছাত্রী শ্রেণিকক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি থামার পর বিদ্যালয় থেকে দৌড়ে রাস্তায় চলে আসে সে। পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরনবী ঘটনার বিষয়ে জানান, এ মামলায় অভিযুক্ত শিক্ষক আগাম জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




















