
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৫৮তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আলী আশ্বব সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন ধাপে ১৩ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম ইউসিসিএ লিমিটেডের প্রশিক্ষণ হলরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম আট সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. খলিলুর রহমান। কমিটির অন্যান্য সদস্য হলেন—মোহাম্মদ মাহাবুবুর রহমান, মো. রুহুল আমিন, মো. হাফিজুর রহমান, মো. ইয়াছিন, মো. মীর হোসেন ও আব্দুল খালেক।
সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এ বি এম আবুল কালাম এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তামান্না ফেরদৌস। এ ছাড়া বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আলী আশ্বব সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সমবায়ের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সমবায় কার্যক্রমের প্রসারে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়। এদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।



















