
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে চলাচলের অভিযোগে নয়টি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুই দফার অভিযানে বাসগুলোর বিরুদ্ধে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে পাঁচটি এসি স্লিপার বাসের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, গত ১৫ অক্টোবর একই মহাসড়কে অভিযান চালিয়ে আরও চারটি বাসের বিরুদ্ধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
সর্বশেষ অভিযানে এভারগ্রীন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রীন লাইন পরিবহনের একটি করে মোট পাঁচটি এসি স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিআরটিএর অনুমোদিত আকার ও নকশা পরিবর্তন করে চলাচলের অভিযোগে এসব বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহাম্মদ, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।
এর আগে, গত ১৫ অক্টোবর পরিচালিত অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের একটি করে মোট চারটি এসি স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই অভিযানে বাসগুলোর বিরুদ্ধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মবহির্ভূত ও অনুমোদনহীন এসি স্লিপার কোচের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















