
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্টোররুমে সংরক্ষিত নতুন কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ৪৬ সেট কম্পিউটারের সিপিইউ থেকে প্রসেসর, র্যাম ও হার্ডডিস্ক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কলেজ কর্তৃপক্ষ।
এ ঘটনায় প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর (টেক) মোহাম্মদ হাসেম বাদী হয়ে রোববার সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল হাসান তালুকদার।
অধ্যক্ষ মঞ্জুরুল হাসান তালুকদার জানান, প্রতিষ্ঠানের নির্মাণকাজ শেষ না হওয়ায় ঠিকাদার এখনো তাঁদের কাছে পুরো কাজ বুঝিয়ে দেননি। এ ছাড়া প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরও নির্মাণ করা হয়নি। ফলে পুরো প্রতিষ্ঠানটি অরক্ষিত অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সরকার হান্ড্রেড টিএসসি প্রকল্পের আওতায় চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটিকে ৬০ সেট নতুন কম্পিউটার সামগ্রী সরবরাহ করে। কম্পিউটারগুলো কলেজের দ্বিতীয় তলায় একটি অস্থায়ী সাব-স্টোররুমে সংরক্ষণ করা হয়েছিল।
অধ্যক্ষ বলেন, রোববার সকালে কলেজে এসে স্টোররুমের তালা ভাঙা দেখতে পান তাঁরা। পরে ভেতরে প্রবেশ করে ৪৬ সেট কম্পিউটারের সিপিইউ থেকে প্রসেসর, র্যাম ও হার্ডডিস্ক খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। অজ্ঞাতনামা চোর চক্র এসব যন্ত্রাংশ নিয়ে গেছে বলে তাঁদের ধারণা। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, চুরির ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার যন্ত্রাংশ চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চোর চক্রকে শনাক্ত ও চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চলছে।




















