
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাঁকে গণপিটুনি দেন বলে জানা গেছে।
আটক মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
থানা সূত্রে জানা গেছে, রোববার সকালে নোয়াইজ্জা গ্রামে স্থানীয় জনতা মনিরকে আটক করেন। পরে তাঁর কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ রয়েছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আগ্নেয়াস্ত্রসহ থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রের দাবি, মনির প্রবাসে থাকাকালে নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের সূত্র ধরে তিনি ওই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশে ফিরে রোববার সকালে ওই গ্রামে গেলে স্থানীয়রা তাঁকে আটক করে গণপিটুনি দেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তাঁকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















