
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলার ৫০টি পূজামণ্ডপে সরকারি অনুদান হিসেবে ৬০০ কেজি করে চাল ও দুটি করে গাছ বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের পুরোহিতকে ধুতি উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান ও উপহার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামাণিক।
এ ছাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং উপজেলার প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।


















