
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় চোরাই সন্দেহে একটি চার্জার ব্যাটারিচালিত অটোরিকশাসহ নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। পরে অটোরিকশাটির প্রকৃত মালিককে শনাক্ত করা হয়। এ ঘটনায় আত্রাই থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আত্রাই-রাণীনগর হয়ে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানা এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহজনক একটি চার্জার ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তি নিজের পরিচয় দেন নাসির উদ্দিন সাগর (৩১) হিসেবে। তিনি নাটোর সদর থানার তেবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেন ওরফে জাকিরের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার কথা তিনি স্বীকার করেন।
পুলিশ জানায়, নাসির উদ্দিন সাগর দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের সহায়তায় অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনি।
অটোরিকশাটি উদ্ধারের পর পুলিশ খোঁজখবর নিয়ে এর মালিকের সন্ধান পায়। মালিক নাটোর সদর থানার নারায়ণকান্দি গ্রামের আশরাফ হোসেনের ছেলে লালু মিয়া। খবর পেয়ে তিনি আত্রাই থানায় এসে অটোরিকশাটি নিজের বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে আত্রাই থানায় মামলা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।




















