
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁর পত্নীতলা উপজেলায় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৯০ লিটার চোলাই মদ ও ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার গভীর রাতে পত্নীতলা উপজেলার উজিরপুর গ্রামে অভিযান চালানো হয়। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হকের নেতৃত্বে থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘটনাস্থল থেকে ৯০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির ৫০০ লিটার উপকরণ উদ্ধার করা হয়। এ সময় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, পত্নীতলা উপজেলার উজিরপুর গ্রামের মৃত শিবু চৌধুরীর ছেলে বিজয় চৌধুরী (৫০), সামা চৌধুরীর ছেলে রবি চৌধুরী (৪০) এবং ফাহিমপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০)।
এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক।



















