
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রেজাউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নওগাঁ-টু-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার সরস্বতীপুর বাজারের কদমতলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার আগে রেজাউল ইসলাম বাড়ি থেকে বাইসাইকেলযোগে সরস্বতীপুর বাজারে যাচ্ছিলেন। পথে কদমতলীর মোড়ে পৌঁছালে নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ অক্টোবর) রেজাউল ইসলামের মৃত্যু হয়।





















