
আহসান হাবীব শিপলু, বদলগাছী প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা চাচীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত নুর আলম (৫২) পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের মো. সিদ্দিক মন্ডলের ছেলে মো. নুর আলমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী আমেনা মাঠে কাজ শেষে নিজ বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে নুর আলম সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বাড়িতে প্রবেশের পর নুর আলম তাঁর আপন চাচীকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত বিধবাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন মুঠোফোনে জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।



















