
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী-স্নানঘাট রুটে টমটম ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে বিরোধের জেরে রাসেল মিয়া (২৫) নামের এক টমটম চালককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুটিজুরী বাইন্নাবাড়ি পুলের কাছে এ ঘটনা ঘটে।
আহত রাসেল মিয়া স্নানঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মৃত আব্দুল মতলিবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুটিজুরী-স্নানঘাট রুটে টমটম ও সিএনজি অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে রাসেল মিয়া টমটমে করে সবজি নিয়ে বাহুবল সদরে যাওয়ার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
স্থানীয়দের ভাষ্য, পুটিজুরী-স্নানঘাট রুটে চলাচলকারী টমটমে সবজিসহ বিভিন্ন মালামাল পরিবহন নিয়ে সিএনজি অটোরিকশার চালকদের আপত্তি রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে এর আগেও বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তাঁরা জানান।
স্থানীয়রা আরও জানান, এর আগে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে দুই পক্ষের বিরোধ মীমাংসা করা হলেও সম্প্রতি আবারও পুরোনো বিরোধ দেখা দিয়েছে।
এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় কারাগার থেকে জামিনে বের হয়ে স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল ও তাঁর সহযোগী আব্দুল আজিজসহ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তোফায়েল পুটিজুরী মীরেরপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তাঁদের নিরাপত্তার স্বার্থে পুটিজুরী-স্নানঘাট রুটে টমটম ও সিএনজি অটোরিকশা চালকদের বিরোধের প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সিএনজি অটোরিকশা চালকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















