
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে একবেলার খাবার বিতরণ করেছে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’। ‘মানবতার পাশে, আমরা সবাই’ আহ্বানকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
নকশাঙ্গন ও চাষীয়ানার যৌথ আয়োজনে এবং সিগনেচার বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত কর্মসূচিতে কুমিল্লা নগরীর প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত ও পথশিশুর মধ্যে একবেলার খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণের আগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী ও প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিগনেচার বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুরা সমাজেরই অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষকে অনাহারে দিন কাটাতে হবে না।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের হাতে একবেলার খাবার তুলে দেওয়ার এ উদ্যোগ শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই তাঁদের মূল লক্ষ্য।
ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।




















