
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চুরি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘৬নং ওয়ার্ডের সচেতন গ্রামবাসী’র উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রব বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবদুল জলিল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধপ্রবণতা রোধে পরামর্শমূলক স্বাগত বক্তব্য দেন ধনিজকরা গ্রামের কৃতী সন্তান ও সাবেক ছাত্রনেতা শেখ আহম্মদ।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শুভপুর ইউনিয়নের আমির ডা. মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খলিলুর রহমান, ধনিজকরা গ্রামের কৃতী সন্তান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহাগ, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. সেলিম, বিশিষ্ট ব্যাংকার মো. হুমায়ুন কবির, ধনিজকরা গ্রামের পক্ষে বাচ্চু মিয়া ও মো. ইয়াকুব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, শাহাদাত হোসেন, মাস্টার জয়নাল ও ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম।
এ ছাড়া কাচিয়াপুষ্কুর্নী গ্রামের পক্ষে বক্তব্য দেন ৪নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মোল্লা ও নুরুল আমিন। কৃষ্ণপুর গ্রামের পক্ষে বক্তব্য দেন ডা. আলী আশ্রাফ, মো. সবুজ ও মো. সায়েম। দুর্গাপুর গ্রামের কৃতী সন্তান ডা. ইয়াকুব আলী মজুমদারও বক্তব্য দেন।
বিশিষ্ট ছাত্রনেতা ও সাংবাদিক মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মো. ইয়াছিন, হাফেজ জিল্লুর রহমান, সফিউল্লাহসহ এলাকার সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তি।
সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ্ব আবদুল জলিল মাদানী বলেন, কিছু অপরাধীচক্র ও তাদের পৃষ্ঠপোষকদের ছত্রছায়ায় মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো অপরাধ বাড়ছে। এসব কর্মকাণ্ড সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যারা এসব অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তারা যতই প্রভাবশালী হোন না কেন, এলাকাবাসী তাদের আর বরদাশত করবে না। সামাজিক শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে শেখ আহম্মদ বলেন, এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সংকীর্ণতা ও ব্যক্তিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চিহ্নিত মাদকসেবী ও অপরাধীদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।
পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।




















