
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের মোদাহরবাদ গ্রামের মৃত সমীরণ দেবের একমাত্র ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপ্লব দেব মোটরসাইকেলযোগে বাড়ি থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে সুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামাতাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ক ম উস্তার মিয়া তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বিপ্লব দেব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।


















