বিশ্বনাথ প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে বিশ্বনাথের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গেছে, কী কারণে মাছুমকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত যুক্তরাজ্যের পুলিশও হত্যাকাণ্ডের কারণ কিংবা জড়িতদের বিষয়ে পরিবারকে বিস্তারিত কিছু জানায়নি।
নিহতের ছোট ভাই ও যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ তাদের বাসার দরজায় পুলিশ নক করে। দরজা খুললে পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। তিনি বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, কী কারণে এবং কারা তার ভাইকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ তাদের কিছু জানায়নি। বর্তমানে মাছুমের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
নিহতের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের গুলিতে নিহত হওয়ার খবর জানান। তবে কী কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারেননি তারা।
পরিবার সূত্রে জানা গেছে, মাছুম আহমদ এক কন্যাসন্তানের বাবা ছিলেন। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তার দুই ভাই ও দুই বোনও স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।
এদিকে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে নিহতের পরিবার।


