
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের কলাকুটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জকিগঞ্জ উপজেলার খাসেরা এলাকার মৃত আবদুল জলিলের ছেলে আবদুল আলিম মজু (৫০) এবং একই এলাকার মৃত বশির আলীর ছেলে রুহুল আমিন (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা শাখার একটি দল কলাকুটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ৬০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


















