
মো. আবুবকর সিদ্দিক, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুই বান্ডিল তাস, নগদ ৩ হাজার ৩৫০ টাকা ও জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের চট জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর কাউন্নারা এলাকার মো. আনোয়ার হোসেন, মো. আ. হালিম, মো. ইসমাইল হোসেন, মো. বাচ্চু মিয়া, মো. জুয়েল হোসেন, মো. শাহীন মিয়া ও পলাশ মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ টহল ও ‘কিলো-৩’ ডিউটিতে নিয়োজিত ছিল। বিকেল ৪টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর কাউন্নারা এলাকার মো. হালিম চৌধুরীর একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে।
খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তল্লাশি করে দুই বান্ডিল তাস, একটি প্লাস্টিকের চট ও নগদ ৩ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৯/২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















