
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সালেহ আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার সালেহ আহম্মেদ বলেন, “দুর্গাপূজা বাঙালির একটি সার্বজনীন উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন এবং দক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শিবালয় থানা পুলিশ পূজা চলাকালে ২৪ ঘণ্টা মাঠে থেকে দায়িত্ব পালন করবে। কোনো মণ্ডপে নিরাপত্তাসংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে থানায় জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পূজামণ্ডপ এলাকায় মাদক ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মন্দিরের সার্বিক পবিত্রতা রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভা শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের সমস্যাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।





















