
আহসান হাবীব শিপলু, বদলগাছী প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মাসুদ হোসেন বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তির দখল ও চাষাবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।
স্থানীয়দের ভাষ্য, পিতাম্বরপুর মৌজার ওই জমি দীর্ঘদিন ধরে বারাতৈল ও প্রধানকুন্ডি গ্রামের কয়েকটি পরিবার লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল। তাদের দাবি, ২০২৫ সাল পর্যন্ত নিয়মিত লিজের অর্থ পরিশোধ করা হয়েছে। পরে লিজের মেয়াদ শেষ হলে মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ নতুন একটি পক্ষ জমিটি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। এরপর জমির দখল ও চাষাবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
ঘটনার দিন জমিতে থাকা পটলের ক্ষেত থেকে ফসল তোলা এবং জমি ছেড়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মাসুদ হোসেন গুরুতর আহত হন।
আহত অবস্থায় প্রথমে তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
মাসুদের মৃত্যুর ঘটনায় বিষয়টি হত্যা মামলায় গড়িয়েছে। নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ভিপি জমির দখল ও চাষাবাদ নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


















