
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
বৈঠকে দেশের বিমান পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আকাশপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকার এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নে কাজ করছে। এর অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। পাশাপাশি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তর্জাতিক মানের লিগ্যাসি এয়ারলাইনসে পরিণত করতে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগের কথাও জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এরই মধ্যে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। দুই দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তবে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ সরবরাহের সময় আরও দ্রুত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে FAA-এর International Aviation Safety Assessment (IASA) Category-1 মর্যাদার গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের যাতায়াত এবং দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় আগামী বছর ঢাকা-নিউইয়র্ক (JFK) রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বৈঠকে পর্যটন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বাংলাদেশে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে আন্তর্জাতিক মানের গন্তব্য হিসেবে গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করছে সরকার।
বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
এ ছাড়া বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহ নিয়েও বৈঠকে আলোচনা হয়।















