
শহিদুল ইসলাম জি এম মিঠন
সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক ও এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) পৃথক সময়ে এ দুর্ঘটনা দুটি ঘটে।
সোমবার দুপুরে সাপাহার উপজেলার খঞ্জনপুর-সাপাহার সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন স্কুল শিক্ষক আবু সাঈদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে শিক্ষক আবু সাঈদের মৃত্যু হয়।
নিহত আবু সাঈদ সাপাহার উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝাড়পুকুর নওপাড়া গ্রামের বাসিন্দা।
অপরদিকে, সোমবার সকাল ৬টার দিকে নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মণ ওরফে হীরেন (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় পরেশ চন্দ্র বর্মণ (৫৮) নামে এক ভ্যানযাত্রী গুরুতর আহত হন।
মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর মদিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মণ ওরফে হীরেন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মণের ছেলে। আহত পরেশ চন্দ্র বর্মণ একই গ্রামের মৃত অধীর বর্মণের ছেলে। আহত পরেশ চন্দ্র বর্মণ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পৃথক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন সাপাহার ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জরা।

















