
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের জয়সার গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুকুরে চাষ করা শিং মাছের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন মাছচাষি বাবলু প্রামাণিক। তাঁর দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবলু প্রামাণিক জানান, প্রায় তিন বছর ধরে দুই বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। এবার ওই পুকুরে শিং মাছ চাষ করেছিলেন। শুক্রবার রাতে পুকুর পাহারা দিয়ে রাত প্রায় ২টার দিকে বাড়িতে ফিরে যান তিনি। শনিবার ভোরে পুকুরে গিয়ে মাছগুলোকে অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখেন। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বাবলু প্রামাণিকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের চেষ্টা করেছে। এতে তাঁর কয়েক বছরের পরিশ্রম ও বিনিয়োগ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পুকুরের মাছের প্রকৃত অবস্থা যাচাই এবং ক্ষয়ক্ষতি নিরূপণ না করা পর্যন্ত ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















