
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যেপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। এ সময় ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতের শিকার হয়ে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসকের কাছে নেওয়ার পথেই রোহান ইসলামের মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্যিই বেদনাদায়ক।



















