
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২ অক্টোবর ২০২৬ইং
নওগাঁর সাপাহারে মাদ্রাসার এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী (২৮) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে ওই ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রীকে একা পেয়ে তিনি জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগী ছাত্রী ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় সাপাহার থানা পুলিশ মোহাম্মদ আলীকে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।




















