
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর মান্দায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে মান্দা থানাধীন কাঞ্চন এলাকার মোহাম্মদ আরমান আলী (৩১), পিতা—মোহাম্মদ আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় মান্দা থানা পুলিশ। এ সময় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহাম্মদ আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২)কে আটক করা হয়।
পরে আটক আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে উভয় পাশে ধারালো একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মান্দা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে সোমবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















