
সাজিদুর রহমান -বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ফিরোজ মিয়াকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে মানহানির মামলা করা হয়েছে। মামলায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের আব্দুস সত্তার চকিদারের ছেলে সিদ্দিকুর রহমান মাসুম এবং ‘করাঙ্গী নিউজ ২৪ ডটকম’ নামের ফেসবুক পেজ ও নিউজ ওয়েবসাইটকে বিবাদী করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ফিরোজ মিয়া বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী একজন বীর মুক্তিযোদ্ধা এবং সমাজে সুপরিচিত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
মামলার ১ নম্বর বিবাদী সিদ্দিকুর রহমান মাসুম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে বাদীর বিরুদ্ধে বিভিন্ন সাক্ষীর কাছে মিথ্যা ও মানহানিকর অপবাদ প্রচার করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই সিদ্দিকুর রহমান মাসুম ‘করাঙ্গী নিউজ’ ওয়েবসাইটে বাহুবল মুক্তিযোদ্ধা সংসদের সভাপতির বিরুদ্ধে দুর্নীতি, কমিশন বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশ করেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
বাদীর দাবি, প্রকাশিত সংবাদ ও বক্তব্য সম্পূর্ণ মনগড়া, বিদ্বেষপ্রসূত ও মানহানিকর। এর ফলে তার মানসিক ও সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে এবং পরিচিত মহলে অপূরণীয় ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাহুবল মডেল থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


















