
শহিদুল ইসলাম জি এম মিঠন
সিনিয়র রিপোর্টার নওগাঁঃ
শহরের সোনারপট্টি এলাকায় ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় টাকা ছিনতাই করে পালানোর সময় আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের সোনারপট্টি এলাকায় এস এম আতাউর রহমান নামে এক ব্যক্তি সোনালী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন। পথে এক ব্যক্তি তাকে বলেন, ‘মুরুব্বি, আপনার শার্টের পেছনে ময়লা লেগেছে।’
কিছুদূর যাওয়ার পর আরেক ব্যক্তি তাকে বলেন, ‘মুরুব্বি, আপনার শার্ট ও প্যান্টে অনেক ময়লা লেগেছে। আসেন, পরিষ্কার করে দিই।’ পরে তাকে মসল্লাপট্টি গলির একটি চায়ের দোকানে নিয়ে যাওয়া হয়।
সেখানে ভুক্তভোগী চা দোকানের বেঞ্চের ওপর মোবাইল ফোন ও টাকার ব্যাগ রেখে ময়লা পরিষ্কারের জন্য হাতে পানি নেওয়ার সুযোগে ওই চক্রের সদস্যরা টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতার সহায়তায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মামুন বিশ্বাস (৪০) ও বিল্লাল শেখ ওরফে মনিরকে (৫৭) গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—খুলনার খালিশপুর থানাধীন বড় বয়রা গ্রামের জাকির বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস (৪০) এবং খুলনা সদরের টুটপাড়া এলাকার মৃত তোতা শেখের ছেলে বিল্লাল শেখ ওরফে মনির (৫৭)।
পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















