
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:
নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানাধীন মাতাজিহাট-ফতেপুর পাকা সড়কের ভবানীনগর গ্রাম এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
অভিযানকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মহাদেবপুর থানার কালনা কাটাবাড়ি গ্রামের গজির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৪২) কে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ দাবি করেন, ধামইরহাট উপজেলার কৈ গ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৩)-এর কাছ থেকে গাঁজা কিনে ধামইরহাট উপজেলার কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেন (৫৫)-এর সহায়তায় বিক্রির উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
আটক আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ মাতাজিহাট এলাকা থেকে আনোয়ার হোসেনকেও আটক করে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।




















