
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২ অক্টোবর ২০২৬ইং
নওগাঁয় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ জয় কুমার উড়াও (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মহাদেবপুর থানা পুলিশ শিকারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ জয় কুমার উড়াওকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক জয় কুমার উড়াও মহাদেবপুর উপজেলার বিলশিকারী গ্রামের মৃত পেরেশ চন্দ্র উড়াওয়ের ছেলে।
এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।




















