
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার, নওগাঁ | ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং
নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অঙ্গান পার্টির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের রুবীর মোড় এলাকায় এক নারীর কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার ইউছুফ সরদারের ছেলে জামাল (৩৫), আব্দুর রবের ছেলে ফরিদ (৩৩) এবং মাইনুদ্দীনের ছেলে রবি (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহানাজ আক্তার শিরিন নামে এক নারী নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে আটক তিনজন তাকে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।
দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চাকুসহ তিনজনকে আটক করে থানার হেফাজতে নেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনতা আটক তিনজনকে মারধর করেন বলে জানা গেছে।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, তিনজনকে আটক করতে পুলিশকে সহযোগিতা করায় তিনি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, আটক তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।



















