
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | নওগাঁ | ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং
নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
আটক দুজন হলেন নওগাঁর বদলগাছী উপজেলার বাসিন্দা সরোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।
স্থানীয়দের অভিযোগ, সোমবার রাতে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তারা একটি সোনালি পদক ও হ্যান্ডকাফসদৃশ বস্তু দেখিয়ে স্থানীয়দের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত এক মাস ধরে ওই দুই ব্যক্তি বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে কাদিমপুর গ্রামের একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



















