
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:
নওগাঁর পোরশায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানা পুলিশ কালাইবাড়ী গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।
অভিযানকালে ওই বাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেবী খাতুন (৩৩) ও শাকিল (২০) নামে দুজনকে আটক করা হয়।
আটক বেবী খাতুন পোরশা থানাধীন কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের স্ত্রী। অপর আটক শাকিল একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা একটি মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত। ওই চক্রটি ভারত থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার নারীসহ দুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


















