
আহসান হাবীব শিপলু, বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনে রাজশাহী শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সীমা পার হলেও কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে। বোর্ডের নির্দেশনায় ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের সময়সীমা নির্ধারণ করা হলেও এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে বলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ নেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী সরদার। এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের ১৮ আগস্ট ২০২৬ তারিখের জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠিত হয়নি, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির স্মারক নম্বর ২/এস/১৯২৬/১০/১৮০৪। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৬ মার্চ ২০২৬ তারিখের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১-এর নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে এবং বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় অভিভাবকদের দাবি, বোর্ডের ওই নির্দেশনার পরও মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তারা স্পষ্ট কোনো তথ্য পাননি। তাঁদের প্রশ্ন, কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে থাকলে বর্তমানে তা কোন পর্যায়ে রয়েছে।
স্থানীয় কয়েকজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনের উদ্যোগ না নেওয়া এবং প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অ্যাডহক ও নিয়মিত কমিটি গঠন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এর আগেও একাধিক নির্দেশনা দিয়েছে। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক স্মারকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন এবং পরবর্তী সময়ে নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করার কথাও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।
এর আগে ২০২৫ সালের ২৭ এপ্রিলের স্মারকেও অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনসংক্রান্ত কার্যক্রম নিয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া ২০২৫ সালের ১৫ নভেম্বরের স্মারকে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়া প্রতিষ্ঠানে অন্তর্বর্তীকালীনভাবে সভাপতির দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতির দায়িত্ব পালনের বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ২০২৬ সালের ১৫ জানুয়ারির স্মারকে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতিদের দায়িত্ব পালনের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।
অভিযোগের বিষয়ে মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী সরদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনাকে কে জানালো। আপনি অফিসে আসেন।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, তিনি ছুটিতে রয়েছেন। অফিসে গিয়ে বিষয়টি দেখে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটি গঠন না করলে বিধিমোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’



















