
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান রিপন নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী, শিশুকন্যাসহ আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহতদের নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-চৌমাশিয়ামোড় মহাসড়কের নওগাঁ সদর মডেল থানাধীন হাঁপানিয়া বাজার এলাকায় মেসার্স নওগাঁ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের পাশে নির্মাণকাজে ব্যবহৃত মিক্সার মেশিন বহনকারী একটি ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের কারণে চালক নিয়ন্ত্রণ হারান। পরে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাক্টরের পেছনে ঢুকে যায়।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের পেছনে দুমড়ে-মুচড়ে ঢুকে পড়া অটোরিকশাটি সরিয়ে রাশেদুজ্জামান রিপনের মরদেহ উদ্ধার করে।
নিহত রাশেদুজ্জামান রিপন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সৌদাগর এলাকার কাছের উদ্দিনের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা উপ-সড়ক বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং মহাদেবপুরে দায়িত্ব পালন করছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে নওগাঁ থেকে মহাদেবপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী তিশা ও আট বছর বয়সী মেয়ে রুমাইছাসহ মোট চারজন আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।


















