
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর ধামুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় জয় বর্মণ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে সদিপ বর্মণ (২৩)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ধামুরহাট উপজেলার শিমুলতলী ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় বর্মণ ধামুরহাট উপজেলার চকহরিপুর এলাকার নীল কমল বর্মণের ছেলে। গুরুতর আহত সদিপ বর্মণ একই এলাকার দুলাল বর্মণের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয় বর্মণসহ চার বন্ধু একটি মোটরসাইকেলে করে আগ্রাদ্বিগন থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা একটি পিলারে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক জয় বর্মণ ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর তিনজনও আহত হন। তাদের মধ্যে সদিপ বর্মণ গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজন সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধামুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান।














