
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো. শাওন (২২) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত মো. শাওন উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সোমবার দুপুরে উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো. শাওনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ইভটিজিংসহ কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



















