
শাহিন মিয়া–গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল মিয়া (৩০) ও হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে রাসেল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার তোশকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল ও একটি লোহার চেইনসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে রাসেল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ব্রিজ রোড-কালীবাড়ি এলাকায় হৃদয় সরকার পনির ওরফে পূর্ণের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পূর্ণ দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার তোশকের নিচ থেকে একটি লোহার ধারালো ছোরা ও লোহার বাটযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এসব দেশীয় অস্ত্র নিজেদের কাছে রেখে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অপরাধ সংঘটন এবং এলাকায় ভয়ভীতি প্রদর্শনের কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া দক্ষিণ কোমরপুর গ্রামের মো. একাব্বর মিয়ার ছেলে। অপরদিকে হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ ব্রিজ রোড-কালীবাড়ি এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৬৯।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



















