
শহিদুল ইসলাম জি এম মিঠন,সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁয় ধান চাতালের বয়লার ড্রাম বিস্ফোরণে আব্দুল খালেক (৪৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকার হাজী ইসারত আলী চালকলের ধান চাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে চালকলের ধান চাতালের বয়লার ড্রামে ধান সিদ্ধের কাজ করছিলেন শ্রমিকরা। ধান সিদ্ধ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লারের ড্রাম গরম পানি ও কালো ধোঁয়াসহ বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকা গরম পানি ও কালো ধোঁয়ায় ছেয়ে যায়। শ্রমিকরা দিক-বিদিক ছোটাছুটি শুরু করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকরা এগিয়ে এসে চাতালের ভেতরে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আহত আরও চার শ্রমিককে উদ্ধার করে নওগাঁ জেলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম বলেন, ‘হঠাৎ করেই বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তার সঙ্গে কাজ করতে চাই।’
ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নওগাঁ সদর মডেল থানার এসআই রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বয়লার বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যাবে।
পুলিশ জানায়, নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


















