
কাজী আনিছুর রহমান
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফরিদ উদ্দীন (৫৪) নামে এক মাদকসেবীকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলা সদরের রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ফরিদ উদ্দীন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, ফরিদ উদ্দীন মাদক সেবন করে পরিবারের ওপর নির্যাতন করছিলেন এবং রাস্তায় এসে মাতলামি করছিলেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের রেলগেট এলাকার পেট্রল পাম্পের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফরিদ উদ্দীনকে মাতাল অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ফরিদ উদ্দীনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।


















