
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ২১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নূর নাহার (৩৬) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। আটক নূর নাহারকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানাধীন বান্দায়খাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় নূর নাহারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক নূর নাহার আত্রাই উপজেলার বান্দায়খাড়া এলাকার মুক্তার হোসেনের স্ত্রী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছে পুলিশ।




















