
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, খনিজ সম্পদ সংরক্ষণ, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নদ-নদী রক্ষার দাবিতে সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর মধ্যনগর উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. আসরাফ উদ্দিন হিল্লোলকে সভাপতি এবং মো. বিদ্যা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মধ্যনগর বাজারে আসরাফ উদ্দিনের অফিসকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক মো. আসরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
বক্তারা হাওরাঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা প্রদান এবং দুর্গম হাওর এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নের দাবি জানান।
এ ছাড়া নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ, নদ-নদী ও খাল-বিল দখলমুক্ত করা, প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করা এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবি জানানো হয়।
মধ্যনগর উপজেলা কেন্দ্রিক বিভিন্ন হাওর উন্নয়ন প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যথাসময়ে বাস্তবায়নেরও দাবি জানান বক্তারা।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কমিটিতে যারা আছেন
৩৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে মো. মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, হাজী মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক ও খসরুজ্জামান কবিরকে।
সাধারণ সম্পাদক মো. বিদ্যা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কানু, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম বাদশাহ ও জিহাদ মিয়া, অর্থ সম্পাদক মোশাহিদ মিয়া, বাঁধ বিষয়ক সম্পাদক শাহীন আলম ও সুরুজ মিয়া, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম এবং হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক মো. সুজন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন লুৎফুর রহমানসহ অন্যরা।




















