
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় পর্যায়ক্রমে সব কাঁচা রাস্তা পাকা করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। একই সঙ্গে সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের কথাও জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে কাঁচা রাস্তা পাকা করাসহ বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
মতবিনিময় সভায় দলীয় কার্যক্রম নিয়েও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গত জাতীয় নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, তাদের দলীয় পতাকাতলে এনে সদস্যপদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের অবিলম্বে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, সমর্থকদের দলীয় সদস্যপদ দেওয়ার মাধ্যমে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করা এবং সরকার গঠনে সহায়তা করার জন্য তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের স্বীকৃতি দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণের জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার মেয়াদের মাত্র সাত মাস পূর্ণ করেছে। সরকারের দেশব্যাপী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্থাপনায় দৃশ্যমান উন্নয়নকাজ করা হবে।
তিনি বলেন, “আমরা গত জাতীয় নির্বাচনের সময় আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। তখন আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
মাদক প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না। সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শিশু-কিশোররা যাতে মাদকের প্রতি আসক্ত না হয়, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। সামাজিক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনজুরুল ইসলাম ফাতেহ এবং স্থানীয় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান ও মো. আশরাফুল কবির।




















