
নিজস্ব প্রতিবেদক:
২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ শেষ করে জনগণের জন্য সড়কটি উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। গত ছয় মাসে প্রয়োজনীয় উদ্যোগের ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী জানান, প্রকল্পের ভৌত কাজও এগিয়ে চলছে। মোট ১৩টি প্যাকেজের মধ্যে ৮টির কাজ সন্তোষজনকভাবে এগোলেও ৫টি প্যাকেজের অগ্রগতি প্রত্যাশিত পর্যায়ে নেই। যেসব ক্ষেত্রে কাজের গতি কম, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কেবল একটি সড়ক অবকাঠামো প্রকল্প নয়; দেশের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্যও এটি গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
নির্মাণকাজ চলমান থাকায় মহাসড়কের কিছু অংশে সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি জনগণের চলাচলে ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্মাণকাজে গুণগতমান নিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন তিনি। যেসব অংশে কাজের গতি কম রয়েছে, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজের গতি বাড়ানোরও নির্দেশনা দেন মন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দিনব্যাপী সফরে মন্ত্রী সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাঁচপুর-নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ অংশ পরিদর্শন করেন। এসব এলাকায় সরেজমিনে প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাস্তবায়ন-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা এবং নির্মাণকাজে নিয়োজিত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।














