
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি যেকোনো ধরনের হুমকি বা হামলার অপচেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিম উম্মাহর কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। এই দুই নগরী মুসলমানদের বিশ্বাস, আবেগ ও ভালোবাসার কেন্দ্র। সেখানে হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, প্রয়োজন হলে পবিত্র ভূমির মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিশ্বের লাখ লাখ মুসলমান জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে।
পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে কায়কোবাদ হোসাইন বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা যেন সম্মিলিতভাবে প্রতিহত করা যায়, সে লক্ষ্যে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন।
বিবৃতির শেষে ধর্মমন্ত্রী মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।














