
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁয় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে মাদকের হটস্পট হিসেবে পরিচিত নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নওগাঁ সদর মডেল থানা পুলিশ প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে।
ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার তিনজন হলেন—নওগাঁ শহরের সুইপার কলোনি এলাকার মৃত জীবনের মেয়ে শ্রী মুনি (৪০), শহরের খাস নওগাঁ এলাকার সামছুল হকের ছেলে শাওন (৪২) এবং পৌরসভার বাগবাড়ি পূর্বপাড়া এলাকার মৃত সুবেদ আলীর ছেলে মানিক (৩৮)।
অভিযানকালে আটক অপর ছয়জন হলেন—নওগাঁ শহরের পাটালির মোড় শাহী মসজিদ এলাকার শাহিনের ছেলে রাকিব (১৯), হাট নওগাঁ এলাকার সাজ্জাদ হোসেন সান্টুর ছেলে আবির হোসেন (১৯), কুমাইগাড়ী এলাকার রমজান আলীর ছেলে মাসুদ রানা (৩২), সদর উপজেলার আনন্দনগর গ্রামের শুকুর আলীর ছেলে সিয়াম (১৯), আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামের মৃত আক্কাসের ছেলে মনোয়ার হোসেন (৪৮) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বিক্রমপুর বড় মোকাম বাজার এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে রাজু মিয়া (৩২)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের সময় তারা জানতে পারেন, নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক কেনাবেচা ও সেবন হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ সেখানে যৌথ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, অভিযানে শ্রী মুনিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ছোট তিনটি পলিপ্যাকে ৩০০ পিস করে এবং আরেকটি ছোট পলিপ্যাকে ২৭০ পিস—মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই সহযোগী কথিত মাদক বিক্রেতা মানিক ও শাওনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, একই সময়ে মাদক সেবন ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অপর ছয়জনকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ শহরের এই দুই এলাকায় এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এরপরও যদি তারা সতর্ক না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অভিযান চালানো হবে এবং অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















