
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:
নওগাঁয় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলার পত্নীতলা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পত্নীতলা থানা পুলিশ উপজেলার মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে।
অন্যদিকে, একই দিন মান্দা থানা পুলিশ উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক সোনারপাড়া মোড় এলাকায় পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার চক শ্রীকৃষ্ণ গ্রামের বাবুল হোসেনের ছেলে সাজু এবং বড় বাড়িয়া গ্রামের সমসেরের ছেলে সৈকত হোসেন।
পুলিশ জানায়, পত্নীতলা ও মান্দা থানার পৃথক অভিযানে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।




















