
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিক শাজাহানকে তুলে নিয়ে নির্যাতনের প্রতিবাদে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বগাবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রমিক ও শ্রমিকনেতারা অভিযোগ করেন, গতকাল পোশাক শ্রমিক শাজাহানকে তুলে নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ওপর নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তারা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহানের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা।
মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান শ্রমিক সংগঠনের নেতারা।
শ্রমিক নেতারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনসুর আলীসহ শ্রমিক সংগঠনের নেতারা।


















