
খোরশেদ আলম, সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামে একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে র্যালি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। একই সঙ্গে বন্ধ কারখানাটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বুধবার সকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে প্রায় দুইশ শ্রমিক বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে র্যালি বের করেন। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকরা জানান, টানা তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। বাসা ভাড়া, দোকানের বকেয়া এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন তারা।
শ্রমিকদের দাবি, দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানাটি খুলে দিতে হবে। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে শ্রমিকদের পাওনাদি আদায়ে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন শ্রমিক ফেডারেশন নেতারা।
শ্রমিক নেতা মোহাম্মদ আক্কাছ আলী সাগর বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে তারা প্রয়োজনীয় আইনগত সহায়তা দেবেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
শ্রমিকরা জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। দাবি আদায়ে প্রয়োজনে সামনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।





















