
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নৃত্যম নৃত্যালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া ৮০ জন নৃত্যশিল্পীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফার ও নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট হাফিজা আহমেদ, অ্যাডভোকেট শামীম আশ্রাফ, সংগঠনের উপদেষ্টা, লেখক, কবি ও গবেষক সুখেন্দু সেন, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং নৃত্যম নৃত্যালয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অহনা এ্যষ।
কর্মশালায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নৃত্যশিল্পীরা অংশ নেন। নৃত্যম নৃত্যালয়ের উদ্যোগে এটি প্রথম আনুষ্ঠানিক নৃত্য কর্মশালা বলে আয়োজকেরা জানান। দুই দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া ৮০ জন নৃত্যশিল্পীকে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুনমুন আহমেদ বলেন, প্রত্যেকটি বিষয়ের ধারাবাহিকতা থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। নৃত্যম নৃত্যালয়ের এ ধরনের কর্মশালা প্রতি দুই মাস পরপর চলমান রাখা খুবই প্রয়োজন। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অহনার পাশে থাকা সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
তিনি নৃত্যম নৃত্যালয় ও জেলা শিল্পকলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণে তিনি শিশুদের যেসব বিষয় শেখানোর চেষ্টা করেছেন, তারা সেগুলো আয়ত্ত করার চেষ্টা করেছে এবং ভালো করেছে।
আলোচনা সভা শেষে কর্মশালায় অংশ নেওয়া নৃত্যশিল্পীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

















