
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্থাপিত স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্থাপিত স্টল পরিদর্শন করেন।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যবহৃত বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে অবহিত করেন।
এদিকে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে ২৪টি দলে বিভক্ত হয়ে ডিএনসিসির ১ হাজার ৫০০ সদস্য অংশ নিচ্ছেন। তারা বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়া ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে। এর আওতায় অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে এ বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যক্রমে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত হটস্পটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।














